শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নারায়ণগঞ্জে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

favicon
ভোরের আলো ডেস্ক:
নারায়ণগঞ্জে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গভীর রাতে মুখোশধারী ডাকাতরা বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে পরিবারের এক সদস্য গুরুতর আহত হন।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।


ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া (৪৫) পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। তিনি ফজলু হকের ছেলে। হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সাতটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।


তিনি আরও জানান, ডাকাতরা বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতির সময় বাধা দিতে গেলে তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।


এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।