শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে ইসি: ছাত্রদল সভাপতি রাকিব

নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে ইসি: ছাত্রদল সভাপতি রাকিব

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে ইসি: ছাত্রদল সভাপতি রাকিব

নির্বাচন কমিশন (ইসি) একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার (১৮ জানুয়ারি) পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হলে তিনি এসব কথা বলেন।


ব্যালট পেপার নিয়ে শঙ্কা এবং নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদে ছাত্রদল ইসি সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে।


কর্মসূচিতে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, জোরপূর্বক নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ একটি ‘সেটআপের’ মাধ্যমে কমিশন নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনকে সুবিধা দিচ্ছে। তার দাবি, এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির পরিকল্পনা করা হচ্ছে।


রাকিব আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও নির্দেশনায় কাজ করছে। তিনি অভিযোগ করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিকভাবে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ একাধিকবার পরিবর্তন ও স্থগিত করা হয়েছে।


তিনি দাবি করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিরা নিয়মিতভাবে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং ইসি সচিবালয়ে অবাধে চলাফেরা করে প্রভাব বিস্তার করছেন, যদিও সেখানে তাদের কোনো আনুষ্ঠানিক কাজ নেই।


ছাত্রদল সভাপতি আরও অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজেদের নিয়ন্ত্রিত ‘সেটআপ’ ছাড়া ওই গোষ্ঠী নির্বাচন করতে ভয় পায়। তাদের পছন্দের উপাচার্য, প্রক্টর এবং নিজস্ব ওএমআর মেশিন ছাড়া তারা কোথাও নির্বাচন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শাবিপ্রবিতে পাঁচ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করার ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।


রাকিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ছাত্রদল ভালো ফল করছে। এই অগ্রযাত্রা ঠেকাতেই এবং জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।