ঝিনাইদহে ট্রাকের চাপায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় মন্নু মোল্লা (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্নু মোল্লা শৈলকুপার বিজুলিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মন্নু মোল্লা রাতে শৈলকুপা–হাটফাজিলপুর সড়কে ঘোরাঘুরি করছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভোরে স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।