বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ করবে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিভাগ করা হবে। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে একান্তে কথা বলে এই ঘোষণা দেন।
তারেক রহমান শহীদ ও আহতদের পরিবারদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বিএনপি আগেও দেশ পরিচালনার দায়িত্বে থাকাকালীন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিল। এই মন্ত্রণালয় ১৯৭১ সালে শহীদ বা আহতদের পরিবারদের সহায়তা ও দেখভাল করে থাকে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এটি ছিল অধিকারহারা সাধারণ মানুষের গণআন্দোলন। ৭১ স্বাধীনতার আন্দোলন ছিল, ২৪ ছিল স্বাধীনতা রক্ষার আন্দোলন। তিনি আরও বলেন, স্বজন হারানো বেদনা কীটুকু গভীর, তা কোন কিছুর দ্বারা মুছে ফেলা সম্ভব নয়। তবে ক্ষতিপূরণ দুইভাবে দেয়া যেতে পারে—একটি হলো রাষ্ট্রীয় খরচে সম্পূর্ণ চিকিৎসা এবং দ্বিতীয়ত, যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে ২০২৪ সালের জুলাইতে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়েছেন। স্বাধীনতা অর্জিত হয়েছিল ১৯৭১ সালে এবং তা রক্ষা করা হয়েছে ২০২৪ সালের জুলাইয়ে।
তিনি জানান, গত দেড় দশকে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও অপহরণের শিকার হয়েছেন। অনেক পরিবার সব হারিয়ে দিশেহারা হয়ে গেছে। শুধু জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ’র বেশি মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০০ জন এক চোখ হারিয়েছেন, আবার কারও দু’চোখও নষ্ট হয়েছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এটিকে একবাক্যে গণহত্যা বলা যায়।
তারেক রহমান আরও বলেন, একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে শোক সমাবেশ ও শোকগাঁথা এভাবেই চলতেই থাকবে। তাই গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।