মাদারীপুরে বাস–অটোরিকশা সংঘর্ষে খাদে পড়ে ছয়জন নিহত, গুরুতর আহত অন্তত ১০
মাদারীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছেন। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।