ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে ২২ জানুয়ারি দিন ধার্য
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সিদ্ধান্ত দেন। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
শুনানিতে প্রসিকিউটররা অভিযোগ করেন, চব্বিশের আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনায় আসামিরা জড়িত ছিলেন। পাশাপাশি অপরাধ সংঘটনে তাদের ব্যক্তিগত দায়ও তুলে ধরা হয়। পরে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানো হয়।
মামলার সাত আসামিই পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান শুনানি করেন। তারা দাবি করেন, অভিযোগের সঙ্গে তাদের মক্কেলদের কোনো সম্পৃক্ততা নেই এবং পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে আসামিদের অব্যাহতির আবেদন জানান।
উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ২২ জানুয়ারি দিন নির্ধারণ করেন।
মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর প্রসিকিউশন মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তা আমলে নিয়ে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা হাজির না হওয়ায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গ্রহণ করা হয়।