দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ৬ নেতাকে ফেরাল বিএনপি
লীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতারা হলেন— সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ, গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার লিয়াকত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, কক্সবাজার পৌর বিএনপির সদস্য আশরাফুল হুদা ছিদ্দিকী এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জমান মতিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রবিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে আরও তিনজন বহিষ্কৃত নেতাকে দলে ফিরিয়েছিল বিএনপি। সে ক্ষেত্রেও বিজ্ঞপ্তিতে সই করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।