বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশকক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়ায় রহিদ বড়ুয়া (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাড়ির অদূরে একটি গাছ থেকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তবে নিহতের পরিবার দাবি করছে, এটি আত্মহত্যা নয়— পরিকল্পিত হত্যাকাণ্ড।


নিহত রহিদ বড়ুয়া ওই এলাকার বাসিন্দা কালু বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি দোকানে কর্মরত ছিলেন।


নিহতের বাবা কালু বড়ুয়া জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে দুটি অটোরিকশায় করে কয়েকজন যুবক রহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ভোরে স্থানীয়রা একটি আত্মীয়ের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।


পরিবারের অভিযোগ, প্রায় তিন মাস আগে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে রহিদের বিরোধ হয়েছিল। সেই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বজনদের দাবি। তারা আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা— ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে।