বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসরকারি কর্মচারীরাও গণভোটে হ্যাঁ প্রচারণা চালাতে পারবেন: আলী রীয়াজ

সরকারি কর্মচারীরাও গণভোটে হ্যাঁ প্রচারণা চালাতে পারবেন: আলী রীয়াজ

favicon
ভোরের আলো ডেস্ক:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন, এতে কোনো বাধা নেই। তিনি বলেন, দেশের অতীত শাসনের পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সোমবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয়— এই দায়িত্ব শহীদরা দিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান বর্তমান সরকারকে যে দায়িত্ব দিয়েছে, তা হলো রাষ্ট্র সংস্কার, মানবতাবিরোধীদের বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা।


তিনি বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র, স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোট দেওয়াই প্রয়োজন।


ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে আয়োজিত সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।