চট্টগ্রামের বাকলিয়ায় মাদকবিরোধী অভিযানে দুটি গাড়িসহ বিপুল ইয়াবা উদ্ধার
ট্টগ্রামের বাকলিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা ও নতুন ব্রিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডে অভিযান চালিয়ে একটি টয়োটা গাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পৃথক আরেকটি অভিযানে নতুন ব্রিজ এলাকায় একটি হানিফ বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই ঘটনায় মোহাম্মদ পারভেজ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।