দেশকে আইসিইউ থেকে বের করা হয়েছে, এখন ‘হ্যাঁ’ ভোট দরকার: সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশকে আইসিইউ অবস্থা থেকে তুলে আনা হয়েছে। সামনে এখনও বহু চ্যালেঞ্জ ও সংগ্রাম রয়েছে। দেশকে বাঁচাতে এবং চলমান সংস্কার কার্যক্রম ধরে রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং কোনো কিছুই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কোনো ধরনের অজুহাত নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। তিনি জানান, নির্বাচন ঠেকানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং সরকার নির্বাচনের প্রস্তুতি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে।
ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান এবং ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।