ত্রয়োদশ সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বহু প্রতিষ্ঠান ধ্বংস করে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল।
তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে যেসব রাজনৈতিক দল থাকবে, ভবিষ্যতের অগ্রযাত্রায় জামায়াতে ইসলামী তাদের সঙ্গী হতে প্রস্তুত।
একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান জামায়াত আমির।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।