ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি: করাইলে তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন। তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় করাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় নারী শিক্ষা বিস্তারে বিনামূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বিভিন্নভাবে উপকৃত হয়েছে। করাইলবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হলেও, তার চেয়েও বড় পরিচয়—আমি আপনাদেরই সন্তান।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান, নারী ও কৃষকদের স্বাবলম্বী করতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণ সুযোগ দিলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
করাইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে তারেক রহমান বলেন, তিনি চান এখানকার শিশুরা উন্নত শিক্ষা গ্রহণ করুক, বিদেশি ভাষা শিখুক এবং মানসম্মত চিকিৎসাসেবা পাক। এ লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার আবাসন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, সবার থাকার ব্যবস্থা নিশ্চিত করতে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে করাইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
নিজের অতীত স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় তার বসতবাড়ি যেভাবে ভেঙে দেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতা তিনি ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি অনুভব করেন।
বক্তব্যের শেষে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং করাইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।