বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশঢাকার আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপিকে একাধিক ভাগে বিভক্ত করার ভাবনা

ঢাকার আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপিকে একাধিক ভাগে বিভক্ত করার ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকার আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপিকে একাধিক ভাগে বিভক্ত করার ভাবনা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকা একাধিক অংশে ভাগ করার বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।


বৈঠক শেষে দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।


তিনি বলেন, ডিএমপিকে একাধিক অংশে বিভক্ত করা হলে কাজের গতি বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন, ঢাকার আয়তন ও জনসংখ্যা দ্রুত বাড়ছে এবং শহরটি আর আগের মতো ছোট নয়।


শফিকুল আলম জানান, একটি নতুন জরিপে দেখা গেছে ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এ বিশাল নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই অপরাধ নিয়ন্ত্রণকে সহজ ও কার্যকর করার উপায় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।


বৈঠকে ডিএমপিকে উত্তর ও দক্ষিণে ভাগ করা হবে নাকি একাধিক অংশে বিভক্ত করা অধিক উপযোগী হবে—সে বিষয়েও মতবিনিময় হয়। অতীতে গুলশান ও মিরপুর পৌরসভা ভিত্তিক যে মডেল ছিল, সেটিও আলোচনায় আসে বলে জানান তিনি।


তবে এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান প্রেসসচিব।