২২ বছর পর সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মাঠে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা
দীর্ঘ ২২ বছর পর আজ রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সেখান থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রচারণার অংশ হিসেবে রাতেই তিনি মা বেগম খালেদা জিয়ার মতোই শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তিনি মাঠের নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু করবেন।
তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারেক রহমানের কার্যালয়ের দেওয়া সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালেই তিনি সিলেটে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সেখান থেকে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
সূচিত অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। পরে দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় যোগ দেবেন।
দুপুরের পর বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিকেল ৫টায় জনসভায় যোগ দেবেন।
এছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে জনসভায় এবং রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন।
উল্লেখ্য, ২২ বছর আগে দলের যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে অংশ নিতে এসেছিলেন তারেক রহমান। তখনও তিনি শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।