শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশনয়াপল্টনের শারমিন একাডেমিতে শিশু নির্যাতন: স্কুল ব্যবস্থাপক গ্রেপ্তার

নয়াপল্টনের শারমিন একাডেমিতে শিশু নির্যাতন: স্কুল ব্যবস্থাপক গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
নয়াপল্টনের শারমিন একাডেমিতে শিশু নির্যাতন: স্কুল ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে চার বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় গত ১৮ জানুয়ারি শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয় শিশুটি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

এর আগে স্কুলের অফিস কক্ষে শিশুটিকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান শিশুটিকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে যান এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

ভিডিওতে শিশুটির ওপর ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের দৃশ্য ধরা পড়ে, যা দেশজুড়ে তীব্র নিন্দার জন্ম দেয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুইজন পলাতক ছিলেন।

পরে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রধান শিক্ষক শারমিন জাহানসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।