সাত জেলায় টানা নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকায় ফিরেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে তার ধারাবাহিক সমাবেশ কার্যক্রম শুরু হয়। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর বেলা ৩টায় মৌলভীবাজারে, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জে এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনী সমাবেশে অংশ নেন।
পরবর্তীতে রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তারেক রহমান। রাত ৩টায় তিনি নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য দেন। সেখানে সমাবেশ শেষ করে রাত ৪টার কিছু সময় পর ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
সমাবেশগুলোতে তারেক রহমান ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান।
এসময় তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের সম্মানি ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।