নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে স্বর্ণের দোকান, কম্পিউটার দোকান ও পার্টসের দোকাসহ পাঁচটি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনা বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড, উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে ঘটে। স্থানীয়রা আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটকে ঘটনাস্থলে ডাকেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো গেছে।