বাগেরহাটে শিশু হত্যার পর মায়ের মৃত্যু, তদন্ত শুরু
বাগেরহাটে ৯ মাসের এক শিশুকে হত্যার পর তার মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নাজিম হোসেন এবং তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২)। তারা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকায় স্বর্ণালী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্বামীর মুক্তির চেষ্টা করতে গিয়ে তিনি হতাশা ও চাপের মধ্যে ছিলেন বলে জানান স্বজনরা। এই মানসিক অবস্থার কারণেই মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।