বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরবি মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে একটি পরিবর্তনের সূচনা হয়েছে এবং জনগণ আরও বাস্তব ও কার্যকর পরিবর্তন চায়। তিনি উল্লেখ করেন, মানুষ তাদের দৈনন্দিন সমস্যার সমাধান, নিরাপদ চলাচল, সুশাসন, মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রত্যাশা করছে।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতা পর্যালোচনা করলে দেখা যায়—দেশের মানুষ যখনই ধানের শীষে ভোট দিয়েছে, তখনই উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের ধারা তৈরি হয়েছে। সে কারণেই তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।

জনসভার শুরুতে তারেক রহমান একজন ভ্যানচালক, একজন নারী শ্রমিক ও একজন কলেজছাত্রীকে মঞ্চে ডেকে এনে ভাসানটেক এলাকার সমস্যা সম্পর্কে সরাসরি মতামত নেন। এলাকাবাসীর সমস্যা শুনে তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করলে পুনর্বাসনসহ সব উন্নয়নমূলক সমস্যার সমাধান করা হবে।

তিনি বলেন, লাখ লাখ তরুণ-যুবক বেকারত্বের বোঝা বহন করছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যাতে দেশের মানুষ দেশে ও বিদেশে সম্মানজনক চাকরি পেতে পারে।

এর আগে সিলেটে দুই অলির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক জনসভায় বক্তব্য দেন তিনি। আগামী দিনে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।