চালের বাজারে অস্থিরতা অব্যাহত, মোটা চালও কেজিতে ৫৫ টাকা
চালের বাজারে অস্থিরতা দিন দিন বাড়ছেই। উৎপাদন বৃদ্ধি কিংবা আমদানির উদ্যোগ নেওয়া হলেও চালের দাম নিয়ন্ত্রণে আসছে না। নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা হিসেবে পরিচিত মোটা চালের দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। আর নাজিরশাইল ও মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায়। খাদ্যতালিকার প্রধান এই পণ্য কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সীমিত আয়ের ক্রেতারা।
চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দায়ী করছেন মিলারদের। তাদের অভিযোগ, মিল পর্যায়ে সিন্ডিকেট করে বড় কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে।
অন্যদিকে মিলাররা বলছেন, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব চাল উৎপাদন ও বাজারজাতকরণে পড়ছে। পাশাপাশি ধানের দাম বাড়ার কারণেও চালের দাম বাড়ছে বলে দাবি তাদের।
এদিকে, গত ১৯ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান দেশে প্রবেশ করলেও বাজারে এর কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।
বিক্রেতারা জানান, আন্তর্জাতিক বাজারেও চালের দাম বর্তমানে বেশ চড়া। ভারত চাল রফতানি সীমিত করার পর থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে যেখানে প্রতি টন আমদানিকৃত চালের সর্বোচ্চ দাম ছিল ৭৮ হাজার টাকা, সেখানে চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪০০ টাকায়।