বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৯৯ টাকা থেকে বেড়ে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।


বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করেই সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ নিয়ে গত চার মাসে দুই দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম মোট ৯ টাকা বাড়ল।


এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানো হয়। তখন ১৯৫ টাকা থেকে বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।


তবে আগামী রমজানের আগে সয়াবিন তেলের দাম আবারও সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


বাণিজ্য সচিব বলেন, দাম বাড়লেও এতে ভোক্তা পর্যায়ে বড় ধরনের চাপ পড়বে না। একই সঙ্গে পে-স্কেলের সঙ্গে সয়াবিন তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।