সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজাহাজভাঙা শিল্পে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, সবুজ ইয়ার্ড বাড়াতে চায় সরকার

জাহাজভাঙা শিল্পে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, সবুজ ইয়ার্ড বাড়াতে চায় সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
জাহাজভাঙা শিল্পে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, সবুজ ইয়ার্ড বাড়াতে চায় সরকার

জাহাজভাঙা শিল্পে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। বৈশ্বিক মানদণ্ড ও পরিবেশগত বিষয়কে গুরুত্ব দিয়ে এ খাতকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


সোমবার (৩১ আগস্ট) জাহাজভাঙা শিল্পবিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩১টি সবুজ জাহাজভাঙা ইয়ার্ড রয়েছে। আরও ৬ থেকে ৭টি ইয়ার্ড লাইসেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে সবুজ ইয়ার্ডের সংখ্যা ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাহাজভাঙা শিল্প শুধু কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়, দেশের ইস্পাত শিল্পের জন্যও এটি কাঁচামালের অন্যতম বড় উৎস। তবে জাহাজ ভাঙার সময় পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন পদার্থ বের হওয়ার আশঙ্কা থাকে। তাই আন্তর্জাতিক মানদণ্ড ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে কীভাবে এ শিল্প পরিচালনা করা যায়, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি জানান, চট্টগ্রামে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে শুধু জাহাজভাঙা শিল্পের বর্জ্য নয়, অন্যান্য শিল্পকারখানার বর্জ্যও সংগ্রহ, সংরক্ষণ ও পরিশোধন করা সম্ভব হবে।


এ ছাড়া পরিবেশবান্ধব ও গ্রিন সার্টিফায়েড কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন এবং কারিগরি সহায়তা দেওয়ার কথাও জানান শিল্পমন্ত্রী।


সরকারের লক্ষ্য, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জাহাজভাঙা শিল্পের অর্থনৈতিক গুরুত্ব ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়ানো।