স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাজারে স্বর্ণ ও রুপার অলংকারের দাম আরও বেড়েছে।