উত্তরাঞ্চলে তিন দিনের সফরে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন
তিন দিনের সফরে উত্তরাঞ্চলে থাকা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন।
সফরের দ্বিতীয় দিনে তিনি সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং সেখানে সেলফিও তোলেন। এর আগে ভোরে তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।
পরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন করবেন। এরপর পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময়ের কথা রয়েছে।
এর আগে রোববার (৩০ আগস্ট) উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে রাষ্ট্রদূত একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।
তিন দিনের এ সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান, স্থানীয় ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করছেন মার্কিন রাষ্ট্রদূত।