চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নির্বাচনি সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে যোগ দেন। বেলা ১২টা ২১ মিনিটে তারেক রহমানের গাড়ি সমাবেশস্থলে প্রবেশ করলে মুহূর্তের মধ্যে করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। হাস্যোজ্জ্বল চেয়ারম্যান মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
তিনি সমাবেশে বক্তৃতা শুরু করেন এবং দলের নির্বাচনি প্রচার কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম সফরে আসার গুরুত্ব তুলে ধরেন। এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করেছিলেন তিনি, তখন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে।
সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলের মধ্যে পলোগ্রাউন্ড মাঠে মানুষের ঢল নামে। সকাল ১০টার মধ্যে পুরো মাঠ ভরে যায়। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি হোটেল রেডিসন ব্লুতে ‘ইয়ুথ পলিসি টক’-এ বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তার গাড়ি বহর লালখান বাজার মোড় দিয়ে জনতার ভিড় পেরিয়ে সমাবেশস্থলে পৌঁছায়।