বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিঝালকাঠী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় পুলিশের ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে প্রশ্ন

ঝালকাঠী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় পুলিশের ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে প্রশ্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝালকাঠী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় পুলিশের ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে প্রশ্ন

গ্রামের উঠানে পাতা প্লাস্টিকের চেয়ারে বসে ভোটারদের সঙ্গে কথা বলছেন ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক। চারপাশে কয়েকজন সমর্থক। দৃশ্যটি গ্রামবাংলার নির্বাচনী প্রচারের পরিচিত চিত্র হলেও, একটু নজর দিলেই ভিন্ন একটি দিক চোখে পড়ে।

প্রার্থীর উঠান বৈঠকের এক পাশে কিংবা কখনো ঠিক পেছনেই ইউনিফর্ম পরা পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কোনো কোনো কর্মসূচিতে পুলিশ সদস্যরা শুধু দূরে নজরদারি করছেন না, বরং প্রার্থীর একেবারে কাছাকাছি অবস্থান করছেন।

কালের কণ্ঠের প্রতিবেদক গত ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকায় এমন দৃশ্য ধারণ করেন। সেখানে দেখা যায়, উঠান বৈঠক শেষে একাধিকবার ফয়জুল হককে পুলিশের মোটরসাইকেলের পেছনে বসে সভাস্থল ত্যাগ করতে।

ছবিগুলো পর্যালোচনা করে বিশ্লেষকরা মনে করছেন, এটি নির্বাচনী মাঠে কোনো প্রার্থীর জন্য বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত বহন করে। তাঁদের মতে, নির্বাচনী প্রচারে রাষ্ট্রীয় বাহিনীর এমন দৃশ্যমান উপস্থিতি ভোটের পরিবেশ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

এ বিষয়ে ঝালকাঠী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল কালের কণ্ঠকে বলেন, জামায়াতের প্রার্থী ঘোষণার পর ফয়জুল হক পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সে সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই জামায়াত প্রার্থী পুলিশ প্রটেকশন নিয়ে শুভেচ্ছা বিনিময়ের নামে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আনা হলে জানানো হয়, আবেদন করেই তিনি পুলিশের নিরাপত্তা নিয়েছেন।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ জানুয়ারি থেকে সব প্রার্থীকে সমানভাবে দুইজন করে পুলিশ সদস্য দেওয়া হয়েছে।