বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিবিএনপি ক্ষমতায় এলে দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স: তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপি ক্ষমতায় এলে দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠাই হবে বিএনপির প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে এবং দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।


রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নতুন বাস টার্মিনাল মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলার দীর্ঘদিনের প্রধান সমস্যা ছিল সন্ত্রাস ও দুর্নীতি। কারা, কীভাবে এসব করেছে—তা জনগণের অজানা নয়। একই সঙ্গে মাদক ব্যবসা এ জেলার আরেকটি বড় সংকট। তিনি দাবি করেন, নারায়ণগঞ্জ শহরে প্রায় ২০টি বড় মাদক স্পট রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে এসব মাদক স্পট উচ্ছেদ করা হবে এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের সহিংসতা বা অবৈধ দখলের সুযোগ দেওয়া হবে না।


জনসভায় তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয়, বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।


এছাড়া নদী ও খাল দখলের কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে সারা দেশে জলাশয় সংস্কার করা হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করার কথাও জানান বিএনপি চেয়ারম্যান।


জনসভায় নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের দলীয় ও জোটভুক্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন।