আবদুল কাদিরের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ
পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে ও সাবেক ক্রিকেটার সুলেমান কাদিরের বিরুদ্ধে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।
ভুক্তভোগী গৃহকর্মী থানায় দায়ের করা এফআইআরে উল্লেখ করেন, তিনি সুলেমান কাদিরের বাসায় কাজ করতেন। অভিযোগে বলা হয়, সুলেমান তাকে জোরপূর্বক নিজের ফার্মহাউসে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন।
ঘটনার পর ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট পাওয়ার পর অভিযোগের সত্যতা যাচাই করা হবে।
আইন অনুযায়ী সুলেমান কাদির বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৪১ বছর বয়সী সুলেমান কাদির ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬টি ফার্স্ট ক্লাস ও ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
তার বাবা আবদুল কাদির পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংকে নতুন করে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন।