আওয়ামী লীগ নেতারা কর্মীদের বিপদে ফেলে পালিয়েছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতারা তাদের দলীয় কর্মী-সমর্থকদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এমন নেতৃত্ব জনগণ আর চায় না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ভোট দেওয়া জনগণের মৌলিক অধিকার হলেও আগের সরকার তা কেড়ে নিয়েছিল। ভোটাধিকার চাওয়ায় মানুষকে জেল-জুলুম, নির্যাতন ও গুলির শিকার হতে হয়েছে। পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএনপি আমানতের খেয়ানত করে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে কাজ করার চেষ্টা করে। বিএনপি কখনো চাকরির জন্য ঘুষ নেয় না এবং ভবিষ্যতেও নেবে না। একইসঙ্গে অন্য কেউ যেন ঘুষ নিতে না পারে, সে ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, যারা একসময় পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে দেশের মানুষ হত্যায় যুক্ত ছিল, তারা আবারও ভোট চাইছে। যে দল স্বাধীনতা ও দেশের স্বার্থে বিশ্বাস করে না, তাদের ভোট দিলে দেশের ক্ষতি হবে বলে সতর্ক করেন তিনি।
গণসংযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।