১৩৬ কোটি টাকা আত্মসাতের মামলায় সালমান এফ রহমানের ৪ দিনের রিমান্ড
ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি’র লোকাল অফিস থেকে কথিত গ্রাহক প্রতিষ্ঠান ‘স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড’-এর নামে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ)সহ বিভিন্ন ঋণ সুবিধা অনুমোদন ও গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির পরিচালকদের কোনো পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকলেও বেক্সিমকো গ্রুপ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বার্থে এ ঋণ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, আংশিক ফিনিশড পণ্য রপ্তানির ভুয়া দেখিয়ে এবং বিদেশ থেকে রপ্তানিমূল্য প্রত্যাবাসন না করে মোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা আত্মসাৎ করা হয়েছে। পরে এসব অর্থ নিজেদের মধ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়।
এ ঘটনায় গত ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ মোট ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।