বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিবিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা আব্বাস

বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা আব্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেননি। এই সময়ে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই যখন নির্বাচন সামনে এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার রাজধানীর শাহবাগ থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিআইডব্লিউটিসি শ্রমিক দলের আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে। জোট ও সহযোগী দল থাকলেও বিএনপির শক্তিকে ভয় পেয়ে কিছু দল দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি শক্ত ভিত্তি পেয়েছে। বর্তমানে তারেক রহমান দলের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি কখনো নেতৃত্বশূন্য হয়নি এবং ভবিষ্যতেও হবে না উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো তারেক রহমানও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

গণসংযোগে যুবকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, শুধু চাকরির পেছনে ছুটলে সব সমস্যার সমাধান হবে না। চাকরির পাশাপাশি নিজস্ব উদ্যোগ, প্রতিষ্ঠান ও দক্ষতা গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তিনি বলেন, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন খাতে কাজ করে বর্তমানে বাংলাদেশে ভালো আয় করা সম্ভব।

তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। পাশাপাশি নিজ নিজ পেশাগত শিক্ষা ও দক্ষতা নিজ নিজ ক্ষেত্রে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।