সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি
চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে প্রতিবাদ জানালে প্রথমে কথা-কাটাকাটি হয় এবং পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এই হামলায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ ও ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন আহত হন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজির উদ্দেশ্যে পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ও বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।