বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে পাওয়া শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জন্মদিনে সবার ভালোবাসায় তিনি মুগ্ধ ও আন্তরিকভাবে কৃতজ্ঞ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুভূতির কথা জানান তিনি।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, রাজনীতিতে পথচলা শুরু করার সময় তার চোখে ছিল সমাজ পরিবর্তনের স্বপ্ন। প্রায় ৬০ বছর আগের সেই স্বপ্ন নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, ছাত্র পড়িয়েছেন এবং সরকারি চাকরিও করেছেন। পরে ১৯৮৮ সালে সরাসরি রাজনীতিতে আবার সক্রিয়ভাবে যুক্ত হন।

তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময়ে ঠাকুরগাঁওয়ে যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, তা আজও এলাকার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় সুস্পষ্টভাবে দৃশ্যমান। সে সময় কথার উন্নয়ন নয়, বাস্তব কাজের মাধ্যমেই পরিবর্তন এসেছে। কৃষি, শিক্ষা, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে ছিল সুপরিকল্পিত অগ্রগতি।

মির্জা ফখরুল আরও বলেন, ২০০৫ সালের মার্চে বরেন্দ্র মাল্টিপারপাস ভূগর্ভস্থ সেচ প্রকল্প উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৩৩৭টি টিউবওয়েলকে আধুনিক ভূগর্ভস্থ পাইপলাইন নেটওয়ার্কে রূপান্তর করা হয়, যার ফলে পানির অপচয় কমে, কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং ড্রেন নির্মাণের মাধ্যমে প্রায় ৫০ একর নতুন জমি কৃষির আওতায় আসে। এই উদ্যোগ ঠাকুরগাঁওয়ের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে।

তিনি বলেন, শুধু কৃষিখাত নয়, ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দিকেও তিনি সমান গুরুত্ব দিয়েছেন এবং আগামী দিনেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।