বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিউত্তরার পানি-গ্যাস সংকট সমাধানের অঙ্গীকার তারেক রহমানের

উত্তরার পানি-গ্যাস সংকট সমাধানের অঙ্গীকার তারেক রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
উত্তরার পানি-গ্যাস সংকট সমাধানের অঙ্গীকার তারেক রহমানের

ঢাকার উত্তরায় দীর্ঘদিন ধরে পানি ও গ্যাস সংকটের ভোগান্তির কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ নিয়মিত বিল পরিশোধ করলেও প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তারেক রহমান বলেন, অতীতে দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানে বাধা সৃষ্টি করা হয়েছে, যার ফলেই আজ জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নতুন গ্যাসকূপ অনুসন্ধান, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের খাল-বিলগুলো শুকিয়ে গেছে এবং উজানে বাঁধ নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তাই উত্তরার পানিসমস্যা সমাধানের পাশাপাশি সারাদেশে পানি ব্যবস্থাপনা উন্নয়নে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে উত্তরায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার জনগণের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

এর আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।