শেরপুরের ঘটনার দায় বিএনপি ও সরকারের—ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই-আগস্টে দুই হাজার মানুষের আত্মত্যাগের মাধ্যমে ভয়ংকর স্বৈরতন্ত্রের পতনের পর আবার রাজনীতির মাঠে কাউকে খুন হতে হবে—এমন বাস্তবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, শেরপুরে সংঘটিত ঘটনার দায় শুধু বিএনপির নয়, সরকারকেও নিতে হবে। তার অভিযোগ, তারেক রহমান দেশে ফেরার পর সরকার ও প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সব ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, যার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গত দেড় বছরে বিএনপি নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে বহু মানুষ খুন করেছে। এ বিষয়ে তারা বারবার সতর্ক করলেও বিএনপি তা আমলে নেয়নি। বিএনপি যদি এসব সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নিত, তাহলে মাওলানা রেজাউল করিমকে এভাবে প্রাণ হারাতে হতো না বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, তারেক রহমান সারাদেশে ঘুরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও উন্নয়ন পরিকল্পনার কথা বলছেন, কিন্তু নিজের দলের নেতাকর্মীদের সহিংসতা থেকে দূরে রাখার কোনো পরিকল্পনার কথা জাতির সামনে স্পষ্ট নয়।
তিনি প্রশ্ন তোলেন, যদি মানুষ বিএনপি নেতাকর্মীদের হাত থেকেই নিরাপদ না থাকে, তাহলে ফ্যামিলি কার্ড বা অন্যান্য সুবিধা তাদের কী উপকারে আসবে?