নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: আমীর খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে একটি গোষ্ঠী আছে যারা গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বিভিন্নভাবে নির্বাচনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদের বড়পুল এলাকায় গণসংযোগে তিনি এসব কথা বলেন। পরে তিনি ছোটপুল, বাদশা মিয়া ব্রিকফিল্ড রোড, ইসলামীয়া ব্রিকফিল্ড রোড, সিজিএস কলোনি, সিডিএ ও বিল্লা পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
আমীর খসরু বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিকভাবে গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করছে। যারা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে, তারা ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সর্বত্র ধানের শীষ ও বিএনপির প্রতি জনগণের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। “বিএনপি ও গণতন্ত্র এখন একাকার হয়ে গেছে। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে,” বলেন তিনি।
রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তনের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, বিএনপি সহনশীলতা, পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার শান্তির আহ্বান জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।