শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সরকারের একটি অংশ পক্ষপাতদুষ্ট: মির্জা আব্বাস

লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সরকারের একটি অংশ পক্ষপাতদুষ্ট: মির্জা আব্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সরকারের একটি অংশ পক্ষপাতদুষ্ট: মির্জা আব্বাস

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, তাদের যদি ক্ষমতা থাকত, তবে বিএনপিকে নির্বাচন করতেই দেওয়া হতো না। তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ নির্দিষ্ট কিছু মানুষকে নির্বাচনে ‘পাশ করিয়ে আনতে’ প্রতিশ্রুতিবদ্ধ থাকায় নির্বাচনী মাঠ এখন সমান নেই।


গতকাল নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সংশ্লিষ্টদের কার্যক্রমই প্রমাণ করে নির্বাচনী মাঠ অসম।


তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেউ এ ধরনের অসভ্য ভাষায় কথা বলার সাহস পেত না। তবে আল্লাহর অশেষ রহমতে তিনি ও তাঁর নেতাকর্মীরা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে জানান মির্জা আব্বাস।


নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধৈর্য ধরতে হবে এবং কোনো প্রতিক্রিয়ায় জড়ানো যাবে না। তারা যা বলার বলুক, আমরা নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে থাকব। এরপর পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখা যাবে।


এসব বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, লিখিতভাবে আলাদা করে জানানোর প্রয়োজন নেই। পত্রিকা, মিছিল, সভা, রেডিও ও প্রকাশ্য বক্তব্যে নির্বাচন কমিশন সবকিছুই শুনছে ও জানছে। নতুন করে অভিযোগ দেওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।


তিনি পুনরায় অভিযোগ করে বলেন, সরকারের একটি অংশ কিছু ব্যক্তিকে নির্বাচনে জেতানোর জন্য সক্রিয় থাকায় বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সংশ্লিষ্ট পক্ষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।


মির্জা আব্বাস বলেন, তিনি ও তাঁর দলের নেতাকর্মীরা সচেতনভাবেই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছেন।


প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের কথা বলা হচ্ছে, তাদের যদি ক্ষমতা থাকত, তাহলে বিএনপিকে নির্বাচন করতেই দিত না। তাই সরাসরি বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না।