ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’-এর আহ্বান তারেক রহমানের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গত রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ত্যাগকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
তিনি বলেন, ‘৫ আগস্ট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কারণে হয়নি। গণতান্ত্রিক উপায়ে আমাদের যাত্রা করতে হবে। ১২ ফেব্রুয়ারি জনগণই সিদ্ধান্ত নেবে তারা কী করবে।’ সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, দলটি কখনো লুকোচুরি করেনি। জুলাই সনদকে সম্মান জানাতেই ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, একটি দল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। তিনি বলেন, ‘বিএনপি যদি খারাপই হতো, তাহলে তারা এতদিন বিএনপির সঙ্গে ছিল কেন?’
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠনের পর প্রায় সব রাজনৈতিক দল সেখানে মতামত দিয়েছে। বিএনপি কিছু প্রস্তাবে একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নমতও জানিয়েছে। তিনি বলেন, যে অধিকার পুনরুদ্ধারের জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছে, সেই আত্মত্যাগের মর্যাদা দিতেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।
নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘কেন্দ্রে গিয়ে একটি ব্যালটে ধানের শীষে সিল দিন, আরেকটি ব্যালটে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন।’
দীর্ঘ ২২ বছর পর রংপুরে তারেক রহমানের আগমন ঘিরে জনসভাস্থলে বিপুল মানুষের ঢল নামে। সকাল থেকেই রংপুর বিভাগের আট জেলা থেকে দলে দলে মানুষ ঈদগাহ মাঠে জড়ো হয়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল, আশপাশের সড়কেও জনস্রোত সৃষ্টি হয়।
জনসভায় রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন। রংপুর সদর আসনের প্রার্থী সামছুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
জুলাই আন্দোলনে রংপুরে নিহত শহীদদের স্বজনরা জনসভায় উপস্থিত ছিলেন। সভায় প্রয়াত বিএনপি নেতাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তারেক রহমান বলেন, একটি মহল আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘গত ১৬ বছরে মানুষ তথাকথিত নির্বাচন দেখেছে, যেখানে ভোট দেওয়ার সুযোগ ছিল না।’ আসন্ন নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এদিকে বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়, যেখানে সব শ্রেণির মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।