শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ঢাকা-৮ আসনে ‘কার্টেল সংস্কৃতি’ ভাঙার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকা-৮ আসনে ‘কার্টেল সংস্কৃতি’ ভাঙার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-৮ আসনে ‘কার্টেল সংস্কৃতি’ ভাঙার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকা-৮ আসনে পাবলো এসকোবারের মতো ‘কার্টেল চরিত্র’ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, যতই শক্তিশালী হোক না কেন, আইনের আওতায় এনে তাদের জবাবদিহি নিশ্চিত করা হবে।


শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি সমাজের উচ্চপর্যায়ের কর্মকর্তা হয়েও সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন।


পাটওয়ারী বলেন, “আমরা এখানে অসভ্য আচরণ করা কিছু মানুষের মুখোমুখি হচ্ছি, যারা গ্যাংস্টারদের ভাষায় কথা বলে। জুনিয়রদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখানোর শিক্ষা তাদের নেই। আমরা যেন আইয়ামে জাহেলিয়ার মধ্যে বাস করছি।” তিনি পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা টেনে বলেন, ঢাকা-৮ আসনেও এ ধরনের চরিত্রের আবির্ভাব ঘটেছে।


ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের মাধ্যমেই এসব অসভ্যতা ও সন্ত্রাসী আচরণের অবসান ঘটাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে আইয়ামে জাহেলিয়া থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানান তিনি।


নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কাঁচাবাজার সংকট সমাধান, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন তার মূল অগ্রাধিকার।


তিনি আরও জানান, তার প্রথম এজেন্ডা হলো শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা। এরপর সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত সমাজ গঠন এবং নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা জোরদার করা। পাশাপাশি স্কুলে দখল বাণিজ্য বন্ধেরও অঙ্গীকার করেন তিনি।