বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ও ১০ লাখ আইসিটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি
বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে জনগণের ক্ষমতায়ন ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছে দলটি।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। মেধাবী তরুণদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হবে, যা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ।
তিনি আরও জানান, ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল সেবা চালুর উদ্যোগে ইতোমধ্যে বিএনপি কাজ শুরু করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
ড. মাহদী আমিন বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তবে বিএনপি জনগণের সমর্থনে জয়ী হয়ে সরকার গঠন করবে।