উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলবে বিএনপি: তারেক রহমান
সিরাজগঞ্জ ও পাবনাসহ দেশের সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ওই অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি শান্তি ও সহাবস্থানে বিশ্বাস করে। ধর্ম নয়, মানুষের শান্তিপূর্ণ জীবনই তাদের রাজনীতির মূল লক্ষ্য। সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একসাথে বসবাসের পরিবেশ তৈরি করতে চায় বিএনপি। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে দেশের প্রকৃত সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।
সিরাজগঞ্জ ও পাবনা এলাকায় উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষির পাশাপাশি এখানে ছোট ও মাঝারি শিল্প কারখানাও গড়ে তোলার সুযোগ আছে। কৃষিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন নতুন শিল্প পার্ক স্থাপন জরুরি। ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে বিএনপির। এ সময় তিনি তাঁত শিল্পকে আধুনিক ও সমৃদ্ধ করে আন্তর্জাতিক বাজারে তাঁতপণ্য ছড়িয়ে দেওয়ার কথাও তুলে ধরেন।
বক্তব্যে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি নারীদের স্বাবলম্বী করতে চায়। এ লক্ষ্যেই প্রতিটি পরিবারের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তরুণ প্রজন্মের বিষয়ে তিনি বলেন, এই অঞ্চলে বিপুলসংখ্যক তরুণ রয়েছে, তবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার ঘাটতি আছে। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। পাশাপাশি খেলাধুলায় প্রতিভাবান তরুণদের নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।