সরিষাবাড়ীতে শটগান ও গুলিসহ যুবক আটক, সেনাবাহিনীর অভিযান
জামালপুরের সরিষাবাড়ীতে একটি শটগান ও দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা সদস্যরা ভোর আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আমিনুল ইসলামের শ্বশুরবাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে একটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম সাতপোয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সরিষাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই চাঁন মিয়া জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।