বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আজ আদেশ দেবে আপিল বিভাগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত বিষয়ে আজ রোববার আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আজকের কার্যতালিকায় এই তিনটি পিটিশন আদেশের জন্য তালিকাভুক্ত রয়েছে।
প্রার্থিতা সংক্রান্ত মামলাগুলো কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪ আসনের সঙ্গে সংশ্লিষ্ট।
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট ওই রিটে রুল জারি করে ইসির সিদ্ধান্ত স্থগিত করেন এবং একপর্যায়ে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি প্রতীকও পান। তবে একই আসনের প্রার্থী হাসান আহমেদ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ইসি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করলে ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ করা হয়। পরে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
অন্যদিকে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
এ তিনটি মামলার ওপর আজ আপিল বিভাগের আদেশের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট প্রার্থী ও রাজনৈতিক অঙ্গন।