শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশনেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলে আটক

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলে আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলে আটক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে তাড়াইল–সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বড় ছেলে জুয়েল মিয়া (২৫) নেশার টাকা দাবি করলে বাবা তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে জুয়েল মিয়া ধারালো দা দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।


চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলেই জুয়েল মিয়াকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে।


আহত রমজান আলীকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


স্বজনরা জানান, রমজান আলীর সংসারে দ্বিতীয় স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযুক্ত জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তার মায়ের (নিহতের প্রথম স্ত্রী) সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বসবাস করতেন এবং মাঝে মাঝে বাবার বাড়িতে আসতেন।


তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন জানান, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রাথমিকভাবে জানা গেছে, নেশার টাকা না পেয়ে সে বাবাকে হত্যা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।