বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের

ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতেই হবে। তিনি বলেন, আপনারা যদি চান শেখ হাসিনার মতো কোনো দোসর কিংবা ফ্যাসিবাদী শাসন আর কখনো বাংলাদেশে ফিরে না আসুক, তাহলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।


রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।


আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, একটি দলের শীর্ষ নেতারা মাইকে দাঁড়িয়ে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও তাদের নেতাকর্মীরা মাঠে গিয়ে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, ওই দলের নেতারা অন্যদের মোনাফেক আখ্যা দিলেও এনসিপি কাউকে সে ভাষায় আক্রমণ করতে চায় না।


তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা ব্যাংক লুট করে ঋণখেলাপি হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের কাছ থেকে আপনারা টাকা নিতে পারেন। কিন্তু ভোট দেবেন তাকেই, যিনি আপনাদের জীবনমান বদলাতে পারবেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবেন এবং আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবেন।


এনসিপি মুখপাত্র আরও বলেন, শীতকালে যেমন বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি বাংলাদেশে আসে, তেমনি একটি দল লন্ডন ও আমেরিকা থেকে আসা ‘অতিথি পাখিদের’ মনোনয়ন দিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনে জয় না পেলে এসব বিদেশি পাসপোর্টধারী প্রার্থীরা অতিথি পাখির মতো আবার বিদেশে চলে যাবে। ব্যাংক লুটেরাদের সঙ্গে এসব ‘অতিথি পাখিদের’ ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।