সন্দ্বীপে নাশকতার আশঙ্কা, বহিরাগত অস্ত্রধারী আনার অভিযোগ বিএনপির
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের এনে নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলেছে সন্দ্বীপ উপজেলা বিএনপি ও ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভাস্থ নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর বলেন, সন্দ্বীপে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় একটি মহল তা ঠেকাতে নাশকতার ছক কষছে। এ উদ্দেশ্যে বহিরাগতদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার তাকে লক্ষ্য করে বিভিন্ন গণমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করছেন, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান বলেন, বিএনপি প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা সন্দ্বীপবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। তার জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
নেতারা অবিলম্বে এসব ষড়যন্ত্র বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।