চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনযোগ্যতা নিয়ে আজ আপিল বিভাগের রায়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চূড়ান্ত আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে যমুনা ব্যাংকের করা একটি আপিল আবেদনের ওপর এই রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
আসলাম চৌধুরীর আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের করা আপিল আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করা হয়। ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ রিট করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্যাংকটি আপিল বিভাগে আবেদন জানায়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওই সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা (ঋণ) দিয়ে দিন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।’