শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতচট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, বাদী বাবার জবানবন্দি

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, বাদী বাবার জবানবন্দি

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, বাদী বাবার জবানবন্দি

চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক জাহিদুল হকের আদালতে মামলার প্রথম সাক্ষী হিসেবে নিহত আইনজীবীর বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন জবানবন্দি দেন। তার সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রমের সূচনা হয়।


এদিন সকালে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হয়। এজলাসে স্থাপিত এলইডি মনিটর ও অডিও সিস্টেমের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করা হয়।


আদালত সূত্রে জানা গেছে, আসামি অজয় দাশের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বাদী জামাল উদ্দিনকে জেরা করেন। অন্যদিকে প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী জেরা করার জন্য সময়ের আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।


মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, “সারা দেশের মানুষ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার প্রত্যাশা করছে। বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া গতি পেয়েছে। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করে বিচার দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যা দুঃখজনক।”


নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বলেন, “আমি আমার ছেলে হত্যার ন্যায়বিচার চাই। বিচার কার্যক্রম যেন দ্রুত শেষ হয়—এটাই আমার দাবি।”


উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তার বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।