এক্স অ্যাকাউন্ট হ্যাকিং অভিযোগ: বঙ্গভবনের এক কর্মকর্তা আটক করেছে ডিবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই দিন রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে এই হ্যাকিং করা হয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, ব্যবহৃত ম্যালওয়্যারটির উৎস ভারত এবং এই সাইবার হামলার উদ্দেশ্য ছিল নারীদের বিষয়ে অপপ্রচার চালিয়ে আসন্ন নির্বাচনের আগে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।
এদিকে, গতকাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।